ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতকে আব্দুল করিম নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন খাত থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাৎতের অভিযোগ উঠেছে।
সহকারী শিক্ষক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয়ের। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে ২০১৬-২০১৭ সালের এসএসসি পরীক্ষার মার্কসীট বিতরণের ৩৬ হাজার টাকা, বিদ্যালয়ের ১২০ হাত পুরাতন ঘর বিক্রির ৮০ হাজার টাকা, গাছ ও জ্বালানী কাঠ বিক্রির ২৫ হাজার টাকা, উন্নয়ন কমিটিকে পাশ কাটিয়ে একক স্বাক্ষরে অফিস সহকারী/হিসাব রক্ষকের কাছ থেকে দুই লাখ ৮০হাজার টাকা, সংসদ সদস্যের বরাদ্দ ৪ লাখ টাকা, বিদ্যালয়েরর আধা পাকা ঘর নির্মাণ শেষে অবশিষ্ট বর্গাচটি ও লাকড়ি বিক্রির ১০হাজার টাকা, নির্মিত আধাপাকা ঘর প্রথমটির অবশিষ্ট নতুন টিন বিক্রির ১৭ হাজার টাকা, দ্বিতীয় আধাপাকা ঘর নির্মাণ শেষে বর্গাচটি ও লাকড়ি বিক্রির ১০ হাজার টাকা, সিলিং ফ্যান ক্রয়ের জন্য এলাকাবাসীর দান ২১ হাজার পাচঁশত টাকা, ছাত্র/ছাত্রীর জমা করা পুরাতন বই ও পরীক্ষার উত্তর পত্র বিক্রির টাকা (২০১৬-১৭-ও ১৮ সাল) ১৫ হাজার টাকাসহ মোট ৮ লাখ ৯৪ হাজার পাচঁশত টাকা ওই শিক্ষক হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হয়।
অভিযোক্ত শিক্ষক স্থানীয় হওয়ায় প্রধান শিক্ষক তার দাপটের কাছে অনেকটা অসহায় বলে তাদের অভিযোগ।
এছাড়া বিদ্যালয়ের বিভিন্ন কাজের নামে বিল উত্তোলন করে দোকানীদের কাছে বিল বকেয়া রেখে ওই টাকাও আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়।
সভায় ওইসব পাওনাদাররা উপস্থিত থেকে অভিযোগ করেন। এ ঘটনা নিয়ে এলাকায় তুলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে শিক্ষক আব্দুল করিম জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। দুই একদিনের মধ্যে তিনি নোটিশের জবাব দেবেন।