সিলেট :
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পৈতৃক সম্পত্তির কিছু অংশ জনস্বার্থে রাস্তার জন্য ছেড়ে দেয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেটের মেয়র।
পাশাপাশি রাস্তার জন্য নগরীর যেসব সম্মানিত নাগরিক জনস্বার্থে ভূমি দান করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, যারা স্বেচ্ছায় রাস্তার জন্য ভূমি ছেড়ে দিবেন তাদেরকে সম্মানিত করা হবে।
মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে নিয়ে হাফিজ কমপ্লেক্সের সামনে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে উপস্থিত এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
পরে মেয়র নগরীর হাফিজ কমপ্লেক্স থেকে সুবহানীঘাট পর্যন্ত রাস্তার উভয় পাশের ব্যবসায়ী ও ভূমির মালিকদের ৫ ফুট করে ভূমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।
সোমবার হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়।
পরে মেয়র নগরীর শিবগঞ্জ এলাকা দিয়ে প্রবাহিত গোয়ালীছড়া সংস্কারের কাজ পরিদর্শন করেন।
সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেবসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী হাফিজ কমপ্লেক্সে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বড়ভাই ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট ভূমি ছেড়ে দেয়ার অনুরোধ জানালে জনস্বার্থে তিনি তা ছেড়ে দেন।