জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উত্তরপাড় এলাকায় সড়ক দূর্ঘটনায় এক কিশোরী নিহত হয়েছে৷
জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উত্তরপাড় এলাকায় মোটরসাইকেলে বাগদত্ত্বা স্বামীর সাথে বাড়ীতে যাচ্ছিলেন ঐ কিশোরী। যাওয়ার পথে অসাবধানতা বশতঃ মটর সাইকেলের চাকার সাথে পরনের কাপড় পেচিয়ে গেলে পড়ে যায় সে।
তখন মটর সাইকেলের পিছনে থাকা জাফলং থেকে ছেড়ে আসা সিলেটমুখী দ্রুতগামী ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৫৮৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় সে। নিহত কিশোরী জৈন্তাপুর উপজেলার চইতাগুল আগফৌদ গ্রামের সিদ্দেক মিয়ার মেয়ে শিপা আক্তার (১৬)৷ নিহত শিপা আক্তার সারীঘাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিল।
এ দিকে ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাক আটক করে এবং সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে৷ ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে৷ উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়৷
জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ঘাতক ট্রাক আটক করা হয়েছে৷ অভিযোগ পেলে তদন্তপূর্বক অাইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।