• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

ধানমন্ডিতে সিনেপ্লেক্স

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০১৯

বি৭১নি ডেস্ক :
রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে চালু হলো স্টার সিনেপ্লেক্সের নতুন একটি শাখা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শনিবার বিকেলে এর যাত্রা শুরু হয়।
নতুন এই মাল্টিপ্লেক্স উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুবর রহমান রুহেল, চিত্রনায়ক শাকিব খান, জয়া আহসান, তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত, প্রযোজক আবদুল আজিজ, অভিনেত্রী ভাবনা, অভিনেতা রোশান, শিমুল খান, নির্মাতা এসএ হক অলিক, চয়নিকা চৌধুরী, রায়হান রাফীসহ অনেকেই। স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা উদ্বোধন উপলক্ষে সেখানে বসে তারকাদের মিলনমেলা।
স্টার সিনেপ্লেক্স সূত্র জানায়, সীমান্ত সম্ভারের দশমতলায় অবস্থিত এ মাল্টিপ্লেক্সে রয়েছে তিনটি হল। প্রতিটিতে আসনসংখ্যা প্রায় ২৬০। আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত অ্যাটমস ডলবি সাউন্ড সিস্টেম, সিলভার স্ক্রিনসহ একটি আধুনিক মাল্টিপ্লেক্সের সব ধরনের সুবিধা রয়েছে এখানে।
প্রথম সপ্তাহে এই মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হবে বাংলাদেশের ছবি ‘দেবী’, হলিউডের ছবি ‘আকুয়াম্যান’, ‘রেপ্লিকাস’ ও হলিউডের অ্যানিমেশন ছবি ‘স্পাইডারম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, সপ্তাহে সাত দিনই নতুন এই মাল্টিপ্লেক্স খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়ক শাকিব খান বলেন, ‘ভালো সিনেমার জন্য প্রয়োজন ভালো সিনেমা হল। নতুন এই স্টার সিনেপ্লেক্স, সে অভাব কিছুটা হলেও পূরণ করবে। এখানকার মানুষের সিনেমা হলের চাহিদা পূর্ণ করবে নতুন এই সিনেপ্লেক্স। আমরা যারা সিনেমার মানুষ, তাদের জন্য এটা অনেক আনন্দের।’