নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে ও নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ করে দিতে ফুটপাত দখল মুক্ত করতে ফের অভিযানে নেমেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
আদালতের নির্দেশনা অমান্য ফের নগরীর ফুটপাত দখল করায় শুক্রবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে সিসিকের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এ অভিযান চালান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
মধ্যরাতে নগরীর কোর্ট পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা, চৌহাট্টা থেকে রিকাবীবাজার, সুরমা পয়েন্ট, তালতলা পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে রাখা অর্ধশতাধিক ভ্যানগাড়ি ও বিপুল পরিমাণ আসবাবপত্র জব্দ করা হয়।
অভিযান শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী গনমাধ্যমকর্মীদের জানান, “ফুটপাতে জনসাধারণের চলাচলে হকারদের জন্য বিরাট বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আদালত ও সিটি করপোরেশন থেকে হকারদের বারবার নির্দেশনা দেওয়ার পরও তারা আইন মানছেন না। যার কারণে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল অনেকটা কষ্টসাধ্য হয়ে উঠেছে।”
সিসিক মেয়র আরো বলেন, “ফুটপাত দখল করে ব্যবসা করায় পথচারীদের হাঁটতে হচ্ছে মূল সড়ক দিয়ে। এতে অনেক সময় দুর্ঘটনায় পড়ছেন নগরবাসী। একারণেই নগরবাসীকে স্বাচ্ছন্দ্যে চলাচলের সুযোগ করে দিতে কঠোর অবস্থান নিতে হয়েছে আমায়।”
অভিযান পরিচালনাকালে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।