বি৭১নি ডেস্ক :
সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঞ্চল্যকর স্কুলছাত্র শিশু ইমন হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। বৃহস্পতিবার সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিমের আদালতে এই যুক্তিতর্ক শুরু হয়। বাদীপক্ষের আইনজীবী যুক্তিতর্কে অংশ নেন।
মামলার পরবর্তী তারিখ আগামী ২৮ জানুয়ারি আসামী পক্ষের আইনজীবী যুক্তিতর্কে অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে গত সোমবার ৩৪২ ধারামতে আসামী পরীক্ষা করেন আদালত।
আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর এসব তথ্য নিশ্চিত করে জানান, যুক্তিতর্ক শেষ হলেই মামলার রায় ঘোষণা করা হবে। আশা করা হচ্ছে, লোমহর্ষক এ ঘটনায় অভিযুক্তরা উপযুক্ত শাস্তি পাবে। খুব শিগগির মামলার রায় ঘোষণা হবে বলে তিনি জানান।
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ও লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার কমিউনিটি বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র মোস্তাফিজুর রহমান ইমনকে ২০১৫ সালের ২৭ মার্চ অপহরণ করা হয়। পরে মুক্তিপণের টাকা পাওয়ার পরও অপহরণকারীরা শিশু ইমনকে হত্যা করে। ৮ এপ্রিল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিশু ইমনের ‘হত্যাকারী’ ইমাম সুয়েবুর রহমান সুজনকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, বিষের বোতল ও রক্তমাখা কাপড় উদ্ধার করে। ছাতকের বাতিরকান্দি হাওর থেকে ইমনের মাথার খুলি ও হাতের হাড় উদ্ধার করে পুলিশ। একজন ছাড়া গ্রেফতার করা হয় জড়িত বাকিদের। বর্তমানে তারা কারাগারে আছেন।
মামলার বাদী জহুর আলী আগামী ফেব্রুয়ারি মাসেই মামলার রায় ঘোষণা হওয়ার আশা করছেন।