• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

পাবনা যাচ্ছেন বেদের মেয়ে জোসনা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
ঢাকায় এসেছেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন এই অভিনেত্রী। উঠেছেন ‘মধুর ক্যান্টিন’ সিনেমার নির্মাতা সাঈদুর রহমান সাঈদের বাসায়। মূলত এ ছবির কাজেই কলকাতা থেকে তার ঢাকায় আসা। আজ বৃহস্পতিবার সকালে তিনি রওনা হয়েছেন পাবনার উদ্দেশে।
পাবনার হেমায়েতপুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রমে যাচ্ছেন এই অভিনেত্রী। সঙ্গে আছেন তার এক আত্মীয়। আশ্রম দর্শন শেষে আগামীকালই ঢাকায় ফিরবেন অঞ্জু ঘোষ। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা সাঈদুর রহমান সাঈদ।
সাঈদ বলেন, ‘আমরা দু’জন একসঙ্গেই কলকাতা থেকে ঢাকায় এসেছি সোমবার সন্ধ্যায়। অঞ্জু আজ সকালে পাবনার উদ্দেশে রওনা হয়েছেন। কিছুক্ষণ আগেই, আমি তাকে বিদায় জানিয়ে এসেছি। অঞ্জুর সঙ্গে আছেন তার এক আত্মীয় সংকর বাবু। আগামীকাল তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। আর তানা হলে, শনিবার সকালে ফিরবেন তারা।’
এবার আসা যাক, অঞ্জুর ঢাকায় আসার প্রসঙ্গে। প্রায় দুই যুগ পর ঢাকার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এই অভিনেত্রী। ছবির নাম ‘মধুর ক্যান্টিন’। এটি নির্মাণ করছেন সাঈদুর রহমান সাঈদ। এরই মধ্যে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। তবে অঞ্জু শুটিংয়ে অংশ নেবেন পহেলা ফেব্রুয়ারি।
‘মধুর ক্যান্টিন’ ছবিতে তিনি অভিনয় করবেন মধুসূদন দে’র স্ত্রী যোগমায়ার চরিত্রে। এর দৃশ্যধারণ হবে ঢাকার কোনো একটি শুটিং হাউজে, এমনটাই জানিয়েছেন নির্মাতা সাঈদ।
ছবির প্রসঙ্গে নির্মাতা সাঈদ বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি ছবির শুটিংয়ে অঞ্জু ঘোষ অংশ নেবেন। টানা ৪-৫ দিন ঢাকায় আমরা শুটিং করব। এরপর তিনি আবার কলকাতায় ফিরে যাবেন।’
‘মধুর ক্যান্টিন’ ছবিতে মধু দা’র চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ওমর সানি। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মৌসুমীকে।
এদিকে, প্রায় দুই যুগ পর গত বছরের সেপ্টেম্বরে চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে ঢাকায় এসেছিলেন অঞ্জু ঘোষ। সে সময় এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী সমিতি তাকে আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। ওই সময়ই ঢাকার ছবিতে আবারও অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেন এক সময়ের পর্দা কাঁপানো এই অভিনেত্রী।
উল্লেখ্য, ১৯৯৬ সালে মায়ের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে আর ঢাকায় ফেরেনি ফরিদপুরের মেয়ে অঞ্জু ঘোষ। যাত্রায় অভিনয়ের মধ্য দিয়ে ১৯৭২ সালে তিনি ক্যারিয়ার শুরু করেন। ১৯৮২ সালে এফ কবির চৌধুরীর ‘সওদাগর’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। আর ১৯৮৯ সালে মুক্তি পায় তার অভিনীত সবচেয়ে আলোচিত সিনেমা ‘বেদের মেয়ে জোসনা’। এতে তার নায়ক হিসেবে ছিলেন ইলিয়াস কাঞ্চন।
অঞ্জু ঘোষ অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে- ‘বড় ভালো লোক ছিলেন’, ‘আবে হায়াত’, ‘প্রাণ সজনী’, ‘ধন দৌলত’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, ‘রক্তের বন্দি’, ‘আওলাদ’, ‘চন্দনা ডাকু, ‘মর্যাদা’, ‘নিয়ত’, ‘দায়ী কে’, ‘কুসুমপুরের কদম আলী’, ‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’, ‘চোর ডাকাত পুলিশ’, ‘শঙ্খমালা’, ‘আদেশ’, ‘আয়না বিবির পালা’, ‘এই নিয়ে সংসার’, ‘প্রেম যমুনা’ ইত্যাদি।