• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বিপর্যয়ে ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে বিএনপি : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বিএনপিকে বিভক্ত করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘যতবার বিপর্যয় এসেছে ততবার বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে।’
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিলাদ মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
আরাফাত রহমান কোকো সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই। ২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালেশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। পরে মরদেহ মালয়েশিয়া থেকে ২৮ জানুয়ারি ঢাকায় এনে বনানীতে তাকে দাফন করা হয়।
প্রতি বছর খালেদা জিয়া আত্মীয় স্বজন ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে প্রয়াত ছেলের কবরের পাশে এসে রুহের মাগফেরাত কামনা করে কোরআন তেলাওয়াত করতেন। কিন্তু গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে রয়েছেন। নয়াপল্টনে মিলাদের আগে সকালে বনানীতে কোকোর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, ভাইস-চেয়ারম্যান মো. শাজাহানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ফখরুল বলেন, ‘অনেক চক্রান্ত শুরু হয়েছে। সেই চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য। এই চক্রান্ত হচ্ছে বিএনপিকে যেটা এখন পর্যন্ত পারেনি, এর আগেও চেষ্টা করেছে- বিএনপিকে বিভক্ত করে তার শক্তিকে ছোট করে দেওয়া। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কোনোদিনই তারা (সরকার) সেটা পারবে না। যতবার বিপর্যয় এসেছে ততবার বিএনপি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ফিনিক্স পাখির মতোই জেগে উঠেছে এবং নতুন জীবন লাভ করেছে।’
রাজনীতিকে বুঝে সেই রাজনীতির পক্ষে অত্যন্ত শক্তভাবে অবস্থান নিতে হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষের ঘরে ঘরে যেতে হবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদীর রাজনীতিকে ধারণ করে। সেজন্যেই বিএনপির প্রতি তাদের এত দুর্বলতা, বিএনপিকে তারা ভালোবাসে। সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে, দেশপ্রেমিক শক্তিগুলোকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে শক্তিশালী করে ঐক্যবদ্ধ হয়ে এই ভয়াবহ যে দানব গণতন্ত্রেকে ধ্বংস করছে, আমাদের স্বাধীনতাকে বিপন্ন করছে। তারা আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদেরকে পরাজিত করতে হবে।’
আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে মন্তব্য করে ফখরুল বলেন, ‘তারা এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেজন্য তারা একের পর এক গণবিরোধী কাজ করে চলেছে। আমরা একদিকে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করবো, তাকে স্মরণ করবো। অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য অতি দ্রুত আমরা সংগঠিত হয়ে তাকে মুক্ত করে নিয়ে আসবো ইনশাল্লাহ, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো।’
মিলাদে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সেলিমা রহমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা শহিদউদ্দিন চৌধুরী এ্যানী, শিরিন সুলতানা, মীর নেওয়াজ আলী, হালিমা নেওয়াজ আরলি প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।