• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শহীদ মিনারে বুলবুলকে গার্ড অব অনার, সর্বস্তরের শ্রদ্ধা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০১৯

বি৭১নি ডেস্ক :
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মুক্তিযোদ্ধা, বরেণ্য গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় এ মুক্তিযোদ্ধা শিল্পীকে।
এর আগে বুধবার সকাল ১১টার দিকে তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। পরে ১১টা ৫ মিনিটের দিকে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর পরপরই সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল শুধু গানের জন্য নয়, দেশের প্রতি যে অবিস্মরণীয় ভালোবাসা দেখিয়েছে তা ভোলার নয়। ২০১২ সালে গঠিত মানবতাবিরোধী অপারাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য দেন তিনি। যার কারণে পরবর্তীতে তার ভাই খুন হন। তার প্রতি আমাদের দেশবাসীর শ্রদ্ধা ও ভালোবাসা রইলো। ’
সংগীত শিল্পী মনির খান বলেন, ‘এদেশের মাটি, মানুষ ও পতাকা তাকে কখনও ভুলবে না। তার গান ও ত্যাগ কখনও ভুলতে দেবে না।’
সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মরহুমের আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বুলবুলের মরদেহ নেওয়া হয় এফডিসি প্রাঙ্গণে। এর পর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত বছরের মাঝামাঝি তার হার্টে আটটি ব্লক ধরা পড়ে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। তখন তার হার্টে দুটি রিং পরানো হয়।