• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ছাতকে ইমন হত্যা: আসামি পরীক্ষা শেষ, যুক্তিতর্কের অপেক্ষা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৯

সিলেট :
সুনামগঞ্জের ছাতক উপজেলার চাঞ্চল্যকর স্কুলছাত্র ইমন হত্যা মামলায় আসামি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী বৃহস্পতিবার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ৩৪২ ধারামতে আসামি পরীক্ষা করেন আদালত। সিলেটের দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম আসামি পরীক্ষাকালে তাদের কোনো বক্তব্য আছে কিনা জানতে চান। আদালতে উপস্থিত ৩ আসামির মধ্যে ইমাম সুয়েবুর রহমান সুজন তার বক্তব্য আছে বলে জানান। পরে আদালত তাকে আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য প্রদানের নির্দেশ দেন। এছাড়া অপর আসামি জাহেদ ও রফিক তাদের কোনো বক্তব্য নেই বলে আদালতকে জানান।
আদালতের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘আসামি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরবর্তী তারিখ বৃহস্পতিবার যুক্তিতর্ক হবে।’
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের সৌদি প্রবাসী জহুর আলীর ছেলে ও লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার কমিউনিটি বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্র মোস্তাফিজুর রহমান ইমনকে ২০১৫ সালের ২৭ মার্চ অপহরণ করা হয়। পরে মুক্তিপণের টাকা পাওয়ার পরও অপহরণকারীরা শিশু ইমনকে হত্যা করে। ৮ এপ্রিল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সিলেটের কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিশু ইমনের ‘হত্যাকারী’ ইমাম সুয়েবুর রহমান সুজনকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি, বিষের বোতল ও রক্তমাখা কাপড় উদ্ধার করে। ছাতকের বাতিরকান্দি হাওর থেকে ইমনের মাথার খুলি ও হাতের হাড় উদ্ধার করে পুলিশ। একজন ছাড়া গ্রেফতার করা হয় জড়িত বাকিদের। বর্তমানে তারা কারাগারে আছেন।
মামলার বাদী জহুর আলী আগামী ফেব্রুয়ারি মাসে মামলার রায় ঘোষণা হওয়ার আশা করছেন।