• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২১, ২০১৯

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গঠিত সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘প্রতিটি কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে। এটা মনে রাখতে হবে। জনগণের প্রতি আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তা পালন করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পূর্বে যে মন্ত্রিসভা ছিল এবং আমরা যে কাজগুলো করতে পেরেছি সেই কাজের অনেকগুলোর ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কাজ করতে হবে। মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশকে এগিয়ে নিতে হবে। ’
এর আগে সকাল ১০টায় নতুন মন্ত্রিসভা সদস্যদের নিয়ে প্রথম বৈঠকে বসেন শেখ হাসিনা।এতে উপস্থিত রয়েছেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, শিক্ষামন্ত্রী ড. দীপু মনিসহ সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী।
বৈঠকের পর সচিবালয়ে ফিরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে বৈঠকের এজেন্ডা ও মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো জানাবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে পাঁচটি এজেন্ডা উঠবে। এজেন্ডাগুলো হলো- গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইনের খসড়ার নীতিগত অনুমোদন, ইট ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইনের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন, জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইনের নীতিগত অনুমোদন এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা বিধিমালা, ২০১৫-এর আলোকে প্রতিবন্ধীবিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার খসড়া অনুমোদন।
এ ছাড়া সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যে ভাষণ দেবেন, তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলা হবে। এ ভাষণে বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা সাজিয়েছেন তিনি।