• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২০, ২০১৯

রাজনগর প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দত্তগ্রাম এলাকার নছিন মিয়ার ছেলে ওমান প্রবাসী ফয়ছল মিয়ার স্ত্রী শিফা বেগম (৩০) শনিবার দিবাগত রাত ১১ টার দিকে পরিবারের সবার সাথে খাবার খেয়ে তার ৪ বছরের ছোট মেয়েকে নিয়ে নিজের কক্ষে ঘুমাতে যান। ওইদিন সন্ধ্যায় তার ১২ বছরের আরেক মেয়েকে শিফা বেগমের মা সাথে করে নিয়ে যান। রবিবার (২০ জানুয়ারি) সকালে শিফা বেগমের ঘর থেকে তার ছোট মেয়ের কান্নার শব্দ শুনে ফয়ছল মিয়ার সেজ ভাইয়ের স্ত্রী রুনি আক্তার এগিয়ে যান। তিনি ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজার ছিদ্র দিয়ে তাকালে শিফা বেগমকে ওড়না দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার শ্বশুর নছিন মিয়া স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তার উপস্থিতিতে শাবল দিয়ে দরজার ছিটকিনি ভেঙ্গে শিশুটিকে উদ্ধার করা হয়। খবর পেয়ে রাজানগর থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতের শ্বশুর নছিন মিয়া (৭০) বলেন, পরিবারের কারো সাথে কোনো কিছু নিয়েই তার বিরোধ বা কথাকাটি হয়নি। রাতে আমাদের সাথে খাবার খেয়ে শিফা বেগম তার ছোট মেয়েকে নিয়ে ঘুমাতে যায়। সকালে বাচ্চার কান্নার শব্দ শুনে আমার সেজ ছেলের স্ত্রী দরজা ছিদ্র দিয়ে শিফার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার করে। পরে পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তারা এসে শিশু ও মৃতদেহ উদ্ধার করে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হযেছে। এঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।