• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

জনগণ বিশ্বাস করে ভোট দিয়েছে, জীবন দিয়ে মর্যাদা রক্ষা করবো : প্রধানমন্ত্রী

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০১৯

বি৭১নি ডেস্ক :
বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে, তাদের জীবনমান উন্নত করতে প্রয়োজনে বুকের রক্ত দিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বানও জানান তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় উপলক্ষে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত ‘বিজয় উৎসব’র ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক একজন কর্মী হিসেবে এটাই আমি করি যে, মানুষের জন্য কতটুকু দিতে পারলাম, কী করতে পারলাম সেটাই বড় কথা। কী পেলাম বা না পেলাম সেটা বড় কথা নয়। আর সেই আদর্শ, জাতির পিতা যে আদর্শ শিখিয়েছেন- মুক্তিযুদ্ধের সেই চেতনা নিয়ে মুক্তিযুদ্ধের আদর্শ নিয়েই দেশ সেবা করে যাচ্ছি এবং করে যাবো। এটাই আমাদের প্রতিজ্ঞা যে এই দেশকে আমরা উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবো।’
তিনি বলেন, ‘আমি সহযোগিতা চাই দেশের মানুষের কাছে, আমি সহযোগিতা চাই এদেশের সকল শ্রেণি-পেশার মানুষ আমাদের ছাত্র-শিক্ষক ও তরুণ সমাজ থেকে নিয়ে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়ে তুলি। আমাদের বর্তমানকে উৎসর্গ করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা যেন সুন্দর সমাজ পায়, উন্নত জীবন পায়। বাংলাদেশের প্রতি মানুষ যাতে বিশ্বে মাথা উচু করে দাঁড়াতে পারে সেভাবে আমরা দেশকে গড়ে তুলতে চাই। আর তার জন্য যা যা প্রয়োজন আমরা করবো।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের প্রতিটি গ্রামের মানুষ-আমার গ্রাম আমার শহর প্রতিটি গ্রামের মানুষ পাবে শহরের সকল নাগরিক সুবিধা। সেইভাবে আমরা তৃণমূল পর্যায়ে মানুষের জীবনকে উন্নত করবো। আমি বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে তাদের মূল্যবান ভোট দিয়েছেন। এই ভোটের সম্মান আমরা, আমি রক্ষা করবো। আমার পিতা এ দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করতে গিয়ে জীবন দিয়ে গেছেন। জীবন দিয়ে গেছেন আমার মা আমার ভাইয়েরা।’
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘এদেশের অনেক মানুষ জীবন দিয়েছেন মানুষের ভাগ্য পরিবর্তনে। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে, তাদের জীবনমান উন্নত করার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। আমি আজ এইটুকুই বলব দেশের মানুষ যে বিশ্বাস রেখেছে তার মর্যাদা আমি আমার জীবন দিয়ে হলেও করে যাব।’
তিনি আরও বলেন, ‘বাংলার মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারেনি, পারবে না, ভবিষ্যতেও পারবে না। সেটাই আমাদের আজকের প্রতিজ্ঞা যে কারো কাছে মাথা নত নয়, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাংলাদেশ তার অবস্থান টিকিয়ে রাখবে সেটাই আজকের এই বিজয় উল্লাসের প্রতিজ্ঞা।’