• ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিশু ধর্ষণের অভিযোগ, আটক ১

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০১৯

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় চার বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে একই এলাকার হারিস মিয়া (৫০) নামে এক ব্যক্তির উপর।
এ ঘটনায় অভিযুক্ত হারিস মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এদিকে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের চারাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান। হারিস মিয়া তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বাসিন্দা।
পরদিন মেয়েটির বাবা ওই এলাকার ৫০ বছর বয়সী হারিস মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মেয়েটির বাড়িও ওই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে শিশুটি নিজ বাড়ি থেকে প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে হারিস মিয়া শিশুটিকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সুনামগঞ্জ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মামুনুর রশিদ জানান, নির্যাতিত শিশুটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে, বুধবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর বলেন, তাহিরপুর সীমান্ত এলাকায় একটি শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষক হারিস মিয়াকে গ্রামবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।