• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পূজার ‘জিন’

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০১৯

আগামী ২৫ জানুয়ারি দুই বাংলায় মুক্তি পাচ্ছে পূজা চেরী অভিনীত সিনেমা ‘প্রেম আমার ২’। নতুন ছবি মুক্তির আগেই প্রযোজনা প্রতিষ্ঠান শোনালেন নতুন খবর। আর তা হলো, জাজ মাল্টিমিডিয়ার পরবর্তী নতুন সিনেমা ‘জিন’-এও অভিনয় করবেন পূজা। বিষয়টি নিশ্চিত করেছেন জাজের কর্ণধার আবদুল আজিজ।
আবদুল আজিজ বলেন, ‘এটাকে ভৌতিক সিনেমাও বলা যাবে। ইসলাম ধর্মে যে জিন-পরীর সম্পর্কে বলা আছে, সেটাই মূলত ছবির গল্পে উঠে আসবে। ছবিতে জিনকে কেন্দ্র করে, ঘটতে থাকে নানা ঘটনা। ফেব্রুয়ারির শেষ দিকে আমরা এ ছবির দৃশ্যধারণ শুরু করব।’
আবদুল আজিজ আরও বলেন, ‘ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন পূজা। সঙ্গে থাকবেন রোশান।’
জানা গেছে, আবদুল আজিজের ভাবনায় ‘জিন’-এর চিত্রনাট্য তৈরি করছেন আব্দুল্লাহ্ জহির বাবু। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে সিয়াম আহমেদকে অভিনয় করতেও দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আর নির্মাতা হিসেবে উঠে আসছে অভিনেতা ও পরিচালক নাদের চৌধুরীর নাম।
উল্লেখ্য, গত বছর পূজা চেরী অভিনীত সিনেমা ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ ও ‘দহন’ মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘নূরজাহান’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা আদৃত। আর ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় ছিলেন সিয়াম।