সিলেট :
সিলেটের মোগলাবাজারে পূর্ণখলা গ্রামে ‘কবরস্থান দখলে বাধা দেয়ায়’ গ্রামবাসীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দায়েরের অভিযোগ ওঠেছে। এ বিষয়ে রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে গ্রামবাসী স্মারকলিপি দিয়েছেন।
গ্রামবাসীদের অভিযোগ, ‘মোগলাবাজার বাজার থানা এলাকাধীন পূর্ণখলা গ্রামের রূপা মিয়ার ছেলে পংকি মিয়া গ্রামবাসীর কবরস্থানের জায়গা দখলে তৎপর হয়ে উঠেন। এতে প্রতিবাদ করলে তিনি গত ১৫ ডিসেম্বর গ্রামবাসীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন মোগলাবাজার থানার পিএসআই দয়াময় দাস।’
গ্রামবাসীর অভিযোগ, ‘পংকি মিয়া তার লাঠিয়াল বাহিনী দিয়ে গ্রামের কবরস্থানের জায়গা দখলের পাঁয়তারা করলে গ্রামবাসী তাতে বাধা দেন। ভূমি দখলে ব্যর্থ হয়ে পংকি মিয়া গ্রামবাসীর ২০ জনকে আসামী করে আদালতে ১০৭/১১৭(সি) ধারায় একটি মামলা করে গ্রামবাসীকে হয়রানি করছেন।’ গ্রামবাসী উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে মামলার দায় থেকে তাদের অব্যাহতিসহ ‘মিথ্যা মামলার’ দায়ে বাদী পংকি মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের অনুলিপি সিলেট জেলা প্রশাসক, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সহ বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে গ্রামবাসীর পক্ষে স্বাক্ষর করেন নুর উদ্দিন ওরফে নুনু মিয়া, আজমল আলী, মোস্তাকিন আলী, লুৎফুর রহমান, আব্দুল জব্বার, সিরাজুল ইসলাম লালা, খলিলুর রহমান, আহমদ আলী, কবির আহমদ, জুহেল আহমদ মেম্বার, মনজুর আহমদ, মসকন্দর আলী, মাহমদ আলী, বদরুল ইসলাম ও রফিক আহমদ প্রমুখ।