• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

শপথ নিলেন এরশাদ

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি রংপুর-৩ আসন থেকে এবার সাংসদ নির্বাচিত হন।
আজ রোববার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে এরশাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তাঁর কার্যালয়ে এরশাদকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাংসদ জিএম কাদের এবং মহাসচিব মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।
জাপার সাংসদদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন, মেজর খালেদ, ফখরুল ইমাম, রুস্তম আলী ফরাজী, পীর ফজলুর রহমান ও শামীম হায়দার পাটোয়ারী।
জাতীয় সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন এরশাদের নির্বাচনী এলাকার নেতারা।
অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার সাংসদ হিসেবে শপথ নিতে যাননি এরশাদ। অসুস্থতার কারণে তিনি নির্বাচনী এলাকায়ও যেতে পারেননি। গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য এরশাদ সিঙ্গাপুর গিয়েছিলেন। ২৬ ডিসেম্বর ফিরে এসে ঢাকার বাসায় ছিলেন।
গতকাল শনিবার বেলা একটার দিকে এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। জাপা সূত্র জানায়, নিয়মিত রক্ত পরীক্ষার অংশ হিসেবে এরশাদ সিএমএইচে ভর্তি হন।