• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

শোলাকিয়ায় সৈয়দ আশরাফের দ্বিতীয় জানাজা, সর্বসাধারণের শ্রদ্ধা

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ৬, ২০১৯

বি৭১নি ডেস্ক :
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এর আাগে তাকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আজ রোববার দুপুর সোয়া একটার দিকে সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় নামাজ জানাজা অনুষ্ঠিত হয়। সৈয়দ আশরাফুল ইসলামের নামাজে জানাজায় অংশ নেন লাখো মানুষ। পরে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান তারা।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা শেষে হেলিকপ্টারে করে তার মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হয়। সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে সৈয়দ আশরাফের মরদেহ সংসদ ভবনে নেওয়া হয়। সকাল সাড়ে ১০টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময়ও ৭১’ এর এ গেরিলা যোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
জানাজা শেষে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।
দ্বিতীয় জানাজা শেষে কিশোরগঞ্জ থেকে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ নেওয়া হবে তার জন্মস্থান ময়মনসিংহে। ময়মনসিংহে তৃতীয় জানাজার পর বিকেলে তার মরদেহ ঢাকায় আনা হবে। এর পর বনানী কবরস্থানে বাদ আসর সৈয়দ আশরাফুল ইসলামকে দাফন করা হবে।
২০১৭ সালের ২৪ অক্টোবর স্ত্রী মারা যাওয়ার পর থেকেই সৈয়দ আশরাফ অসুস্থ হয়ে পড়েন। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি গত বছরের ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন। এ অবস্থায়ই একাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী হন সৈয়দ আশরাফ।
দেশে ফিরে শপথ নিতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু তা আর হলো না। অগণিত নেতাকর্মী আর শুভানুধ্যায়ীদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন সবার প্রিয়ভাজন সৈয়দ আশরাফ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।