• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুবর্ণচরে নারী নির্যাতনের ঘটনায় অপরাধীরা পার পাবে না: কাদের

bijoy71news
প্রকাশিত জানুয়ারি ২, ২০১৯

বি৭১নি ডেস্ক :
নির্বাচনের পরপর নোয়াখালীর সুবর্ণচরে এক নারীকে নির্যাতনের ঘটনায় অপরাধী যারাই হোক, কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ বুধবার বিকেলে সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত করতে যান। সাক্ষাত শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে ইতিমধ্যে পুলিশের আইজির সঙ্গে কথা হয়েছে। একজন ডিআইজি সেখানে গেছেন। প্রশাসন এ ব্যাপারে তৎপর, সরকারও কঠোর অবস্থানে আছে। অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে।
বিএনপি ও ঐক্যফ্রন্টের নবনির্বাচিত সাতজন সাংসদ শপথ নাও নিতে পারেন বলে গণমাধ্যমে যেসব খবর এসেছে- এ বিষয়ে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাঁদের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। জনগণের রায়কে তাঁরা সম্মান করবেন এটাই আশা করি।
নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আ. লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। তবে ১০ জানুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে।’