বি৭১নি ডেস্ক :
ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আন্দালিব রহমান পার্থ নির্বাচন বর্জন করেছেন। আজ রোববার বেলা সোয়া ১টার দিকে এ সিদ্ধান্তের কাছে জানান তিনি। এই আসনে পার্থের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আকবর হোসেন পাঠান ফারুক। চলচ্চিত্র জগতে নায়ক ফারুক হিসেবে তিনি পরিচিত।
মাঝপথে ভোট বর্জনের কারণ প্রসঙ্গে পার্থ বলেন, ‘আর তিন ঘণ্টা বাকি আছে। আমি কী শুধু শুধু আমার এজেন্ট বা কর্মীদের মার খাওয়াবো?’
আন্দালিব পার্থ অভিযোগ করেন, ৮০টি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীরা বেপরোয়াভাবে তার কর্মীদের লাঠিপেটা করেছে।
তিনি আরও বলেন, ‘বনানী বিদ্যা নিকেতনে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়া হয়েছে। গুলশানের অনেক কেন্দ্রে জোর করে ব্যালটে সিল দেওয়া হয়েছে। কড়াইল এলাকায় কাউকে ঢুকতেই দেওয়া হয়নি।’
পার্থ জানান, এবার নির্বাচনে তার ৫শ’রও বেশি পোলিং এজেন্ট প্রস্তুত ছিল। নির্বাচন বর্জনের এই সিদ্ধান্ত বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকেও জানিয়েছেন বলে জানান তিনি।