• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নৌকার জয় হবেই, হবে : প্রধানমন্ত্রী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০১৮

বি৭১নি ডেস্ক :
নৌকার জয় হবেই হবে, স্বাধীনতার স্বপক্ষের শক্তির জয় হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকার জয় হবেই হবে, স্বাধীনতার স্বপক্ষের শক্তির জয় হবে সেটা আমরা মনে করি। তাছাড়া বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে, এই মহাসড়কে উন্নয়নের যে যাত্রা, এই যাত্রা অপ্রতিরোধ্য যাত্রা। এই অগ্রগতি অব্যাহত রাখার জন্য আমি বিশ্বাস করি বাংলার জনগণ আমাদের নৌকা মার্কায় ভোট দেবেন।’
তিনি আরও বলেন, ‘আবার আমাদের সেবা করার সুযোগ দেবে যাতে আমরা আমাদের উন্নয়নের কর্মসূচি হাতে নিয়েছি সেগুলো আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারি।’
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ‘আমি মনে করি নৌকার জয় হবেই, হবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
রোববার সকাল ৭টা ৫৩ মিনিটে গণভবন থেকে ওই কেন্দ্রে যান প্রধানমন্ত্রী। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে তিনি ভোট দিয়েছেন। এ সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ। জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।
সকাল ৮টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর গণনা শেষে জানা যাবে, আগামী পাঁচ বছর দেশ চালানোর দায়িত্ব পাচ্ছে কোন দল।