• ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাসপাতালে মিঠুন চক্রবর্তী

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮

বি৭১নি ডেস্ক :
আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পিঠের ব্যথায় কাতর অভিনেতাকে নিয়ে গতকাল শুক্রবার লস এঞ্জেলেসে পাড়ি দিয়েছেন তার পরিবার।
আজ শনিবার জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন বলিউডের ‘ডিস্কো ডান্সার’। চিকিৎসাও চলছিল। কিন্তু এবার ব্যথা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছলে চিকিৎসার জন্য তাকে নিয়ে যুক্তরাষ্ট্র গেলেন চক্রবর্তী পরিবার। সেখানে ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো তার সঙ্গে রয়েছেন।
দীর্ঘদিন ধরেই বড়পর্দায় অনুপস্থিত মিঠুন চক্রবর্তী। ছোটপর্দাতেও সেভাবে দেখা যাচ্ছিল না তাকে। রাজনীতির ময়দান থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। সবার অলক্ষ্যে একান্তে সময় কাটাচ্ছিলেন এই অভিনেতা।
২০০৯ সালে পিঠের যন্ত্রণার জন্যে এক সময় তামিল নাড়ুর উটিতেও চিকিৎসা করান মিঠুন। কিন্তু তেমন কোনো লাভ হয়নি। ২০১৬ সালে একবার হাসপাতালে ভর্তি করা হয় ৬৬ বছরের অভিনেতাকে। ওই ঘটনার প্রায় দুবছরের পর আবারও অসুস্থ হয়ে পড়লেন মিঠুন।
মিঠুন চক্রবর্তীর পাশাপাশি প্রচণ্ড শীতে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেতা কাদের খান-ও। চিকিৎসার জন্য কানাডার এক স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর থেকেই কথা বন্ধ করে দিয়েছেন তিনি। নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ তার শরীরে বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যাও ধরা পড়েছে।