• ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভয় পাবেন না, সকাল সকাল ভোট দিতে যাবেন : ড. কামাল

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০১৮

বি৭১নি ডেস্ক :
একাদশ জাতীয় সংষদ নির্বাচনে আগামীকাল রোববার সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোটারদের প্রতি ড. কামাল এ আহ্বান জানান।
ড. কামাল বলেন, ‘সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে আমি সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি। ভয় পাবেন না। যদি আপনি যান (ভোটকেন্দ্রে), তাহলে দুর্বৃত্তরা পালিয়ে যাবে…জনগণের শক্তিকে তারা পরাভূত করতে পারবে না।’
তরুণদের যথাসময়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে ঐক্যফ্রন্টের আহ্বায়ক বলেন, ‘মনে রাখবে, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ।’
নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ভয়-আশঙ্কা রয়েছে দাবি করে ড. কামাল বলেন, ‘এটা দূর করা প্রয়োজন। এখন উৎসবমুখর থাকা উচিত, কিন্তু জনগণের মনে অনেক ভয় ও আশঙ্কা বিরাজ করছে ‘
কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্তএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন এসব আসনের প্রায় ১০ কোটি ৪২ লাখ ভোটার। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হবে।
বিএনপি মনোনীত প্রার্থী টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের ভোট আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। এই আসনে ভোটগ্রহণ করা হবে ২৭ জানুয়ারি।