বি৭১নি ডেস্ক :
ঐক্যফ্রন্টের আহ্বায়ক, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। ড. কামাল পুলিশ বাহিনীকে ‘জানোয়ার–লাঠিয়াল বাহিনী’ হিসেবে উল্লেখ করায় গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনটি।
গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বৈঠকে ড. কামাল হোসেন পুলিশকে জানোয়ার বলেছেন বলে অভিযোগ ওঠে। গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে তার চেম্বারে যান। তারা বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল বলেছিলেন, ‘ওই অর্থে তো বলিনি। তারা মানুষের মতো ভূমিকা রাখবে, আমরা সবাই সেটাই আশা করি।’
তিনি আরও বলেন, তিনি সব সময়ই পুলিশের প্রশংসা করেছেন। পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
বিবৃতিতে অ্যাসোসিয়েশনের দাবি, নির্বাচনে পুলিশ সদস্যরা নিয়মতান্ত্রিকভাবে তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। নির্বাচনী প্রচার ইস্যুতে ড. কামাল হোসেন তার কোনো নেতাকর্মী কোনো ধরনের পুলিশি নিপীড়নের শিকার হয়েছেন এমন প্রমাণ দিতে পারেননি। ড. কামাল হোসেনের কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জাতির মনে ভিন্ন ‘চিন্তা’র উদ্রেক করে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের দাবির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি ড. কামাল হোসেন। এ বিষয়ে পরে প্রতিক্রিয়া জানাবেন বলে জানিয়েছেন গণফোরামের মিডিয়া উইং কর্মকর্তা।