• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিইসির পদত্যাগ দাবি ঐক্যফ্রন্টের

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

বি৭১নি ডেস্ক :
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার কাছ থেকে ‘নিরপেক্ষ নির্বাচন তো নয়ই, নিরপেক্ষ আচরণও আশা করা যায় না’-এমন অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলগীর।
এ সময় জাতীয় সংসদ নির্বাচনের চারদিন আগে নতুন সিইসি নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে দাবি করেছেন বলে জানান ফখরুল। সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের বৈঠকে সিইসির আচরণের সমালোচনা করেন তিনি বলেন, ‘দেশে নির্বাচন নয়, হোলি খেলা হচ্ছে।’
এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ার চৌরাস্তায় নির্বাচনী গণসংযোগের সময় হামলায় আহত বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়। আজ রাতে ওই হামলার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে রক্তমাখা পাঞ্জাবি গায়ে জড়িয়েই সংবাদ সম্মেলনে আসেন ঢাকা-৩ আসনে বিএনপির এই প্রার্থী।
আজ সন্ধ্যা ৭টায় গুলশানে জরুরি বৈঠকে বসেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। মির্জা ফখরুলসহ বৈঠকে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুসহ শীর্ষ নেতারা।
এর আগে দুপুরে নির্বাচন কমিশনে সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেন ঐক্যফ্রন্টের ১০ শীর্ষ নেতা। ওই বৈঠকে ড. কামাল হোসেনের সঙ্গে নুরুল হুদার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে ইসির আচরণে ‘পক্ষপাতিত্ব ও অভদ্রতার’ অভিযোগ তুলে বৈঠক থেকে বেরিয়ে যান ঐক্যফ্রন্ট নেতারা।