• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগে ব্যবসায়ীসহ আটক ৩

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

বি৭১নি ডেস্ক :
কোটি টাকা ছড়িয়ে একাদশ সংসদ নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে রাজধানীর মতিঝিল থেকে এক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মতিঝিল সিটি সেন্টারের ২৭ তলায় ওই কোম্পানির অফিস থেকে আলী হায়দারকে আটক করে র‌্যাব।
র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, আলী হায়দার নামের ওই ব্যক্তি আমদানি-রপ্তানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক।
র‌্যাব সূত্র জানায়, আলী হায়দার ছাড়া আটক করা অন্য দুজন হলেন আলমগীর হোসেন (৩৮) ও জয়নাল আবেদীন (৪৫)। আলমগীর আমেনা এন্টারপ্রাইজ ঝালকাঠির অফিস ব্যবস্থাপক। জয়নাল ওই গ্রুপের জিএম (অ্যাডমিন)। আলী হায়দারের (২৪) কাছে নগদ প্রায় আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক পাওয়া গেছে।
র‌্যাব জানায়, জব্দ করা টাকার সঙ্গে তারেক রহমানের ছবিসংবলিত এক বিএনপি নেতার প্রচারপত্র দেখা গেছে সেখানে। ওই নেতা হলেন শরীয়তপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ (অপু)। ঢাকার একটি আসনের সব ভোটারের নাম-ঠিকানা সংবলিত একটি তালিকাও আলী হায়দারের অফিসে পাওয়া গেছে বলে জানায় র‌্যাব।
এর আগে সোমবার রাজধানী থেকে চার লাখ টাকাসহ দুজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, এরা ভোট কিনতে টাকা ছড়াচ্ছিলেন।
পুলিশ বলছে, আটক করা দুজন বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সমর্থক।