• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিতো বিএনপি : কাদের

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০১৮

বি৭১নি ডেস্ক :
বিএনপি দেশের কোনো উন্নয়ন না করে জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার বেলা ১১টায় নোয়াখালী-৩ আসনের প্রার্থী মামুনুর রশিদ কিরণের নির্বাচনী প্রচারণায় বেগমগঞ্জের চৌরাস্তায় এক পথসভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দেশের কোনো উন্নয়ন না করে যেভাবে জনগণকে ধোঁকা দিয়ে ভোট নিতো, এবার জনগণ সচেতন হওয়ায় তাদের আর ভোট দেবে না।’
তাই গণতন্ত্র ও উন্নয়ন ধরে রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘গণতন্ত্র আছে বিধায় উন্নয়নের ধারা রয়েছে। তাই এ ধারা ধরে রাখতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জাতির কল্যাণের কাজ করার সুযোগ দিতে হবে। অন্যথায় স্বাধীনতাবিরোধী চক্রের দোসর বিএনপি ও লেবাসধারী ঐক্যজোট ক্ষমতায় আসলে মানুষ খুন, ধর্ষণ, অগ্নি-সন্ত্রাস, পেট্রোল বোমাবাজি, চাঁদাবাজি, জঙ্গিবাদী, দখলদারিত্বসহ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে জনজীবন অশান্ত করে ফেলবে।’
এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনের প্রার্থী মামুনুর রশিদ কিরণের, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ডা. এ.বি.এম জাফর উল্লাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভি.পি মোহাম্মদ উল্লাহ, চৌমুহনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন ফয়সল, সাবেক সংসদ সদস্য লুৎফুর নাহার মুন্নিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।