বি৭১নি ডেস্ক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গলায় টাকার মালা পরিয়েছেন স্থানীয় সমর্থকরা। গতকাল রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে শিবগঞ্জ সিনিয়র দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ওই মালা পরানো হয়।
ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুলের গলায় টাকার মালা পরানোর একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
টাকার মালা পরানোর বিষয়ে আজ সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, দলের স্থানীয় সমর্থকরা খুশি হয়ে নির্বাচনের প্রচারণায় সহায়তার জন্য মির্জা ফখরুলের গলায় টাকার মালা পরিয়ে দেয়। ১০০ ও ৫০০ টাকার মোট ১০টি মালা মির্জা ফখরুলের গলায় পরানো হয়।
এর আগে ২০০১ সালে একইভাবে ঠাকুরগাঁওয়ে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুলকে টাকার মালা পরানো হয়েছিল বলে জানান তৈমুর রহমান।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বিকেলে মাদ্রাসা মাঠের জনসভায় মির্জা ফখরুল উপস্থিত হওয়ার পর ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তিনি মঞ্চে ওঠার পরপরই স্থানীয় কয়েকজন টাকার মালা নিয়ে আসেন এবং ফখরুলের গলায় পরিয়ে দেন। এরপর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদের সভাপতিত্বে মির্জা ফখরুল প্রধান অতিথির বক্তব্য দেন।
সভায় আরও বক্তব্য দেন জেলা সভাপতি তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আবদুল হান্নান হান্নু, সাংগঠনিক সম্পাদক এসএম মজিদুল ইসলাম, সদর থানা যুবদল সাংগঠনিক সম্পদাক রেজাউল করিম লিটন, জেলা ছাত্রদল সভাপতি মো. কায়েস, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।