বি৭১নি ডেস্ক :
বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল হৃদরোগে আক্রান্ত হয়ে ধানমন্ডির ল্যাবএইড হাসাপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। আজ রোববার ডিরেক্টরস গিল্ড সংগঠনের সাধারণ সম্পাদক এসএ হক অলিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এসএ হক অলিক জানান, গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে সাইদুল আনাম টুটুল হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানিয়েছেন, তার অবস্থা এখন কিছুটা ভালো। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। ওনার ফুসফুসে প্রচুর পানি জমেছে। বর্তমানে তিনি চিকিৎসক মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে আছেন।
২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবিটি পরিচালনা করছেন সাইদুল আনাম টুটুল। এর মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর পরিচালনায় ফিরেছেন ‘আধিয়ার’ খ্যাত এই নির্মাতা। এর আগে ২০০৩ সালে সরকারি অনুদানে নির্মিত তার প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায়।
১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাইদুল আনাম টুটুল। ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো বিখ্যাত সব চলচ্চিত্রে কাজ করেছেন গুণী এই নির্মাতা।