বি৭১নি ডেস্ক:
সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানমালা শুরু করেছে।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবারের ন্যায় মুক্তিযুদ্ধের কবিতা, গান, নৃত্য ও পথনাটকের মধ্য দিয়ে শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত অনুষ্ঠান আয়োজন ছিল।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পরিবেশনার মধ্য দিয়ে বাঙালি জাতির গৌরবময় ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা উচ্চারিত হয়। অনুষ্ঠানে যেকোন মূল্যে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সাংস্কৃতিক জাগরণ গড়ে তোলার আহবান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সহ-সভাপতি উজ্জ্বল দাস, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত, কোষাধ্যক্ষ ইন্দ্রানী সেন।
এছাড়াও নাট্য ও সংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই সিলেটের দৃষ্টি প্রতিবন্ধীদের সংগঠন গ্রীণ ডিজ্যাবল ফাউন্ডেশন এর শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। এরপর পরই মঞ্চে আসেন নাট্যম সিলেট, নাট্যমঞ্চ সিলেট, দর্পণ থিয়েটার,বাংলাদেশী উদীচি শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ, লিটল থিয়েটার, থিয়েটার বাংলা, দিগন্ত থিয়েটার, নান্দিক নাট্যদল, মৃত্তিকায় মহাকাল ও থিয়েটার একদল ফিনিক্স।
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সম্মিলিত নাট্যপরিষদের আয়োজনে বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বিপুল দর্শকের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি নাট্য পরিষদের আয়োজনে রয়েছে মুজিবজাহান রেড ক্রিসেন্ট-এর সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।