নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে সায়হাম টেক্সটাইল মিলের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত গুদামটিতে আগুন ধরে যায়। কিন্তু সকাল সাড়ে ৯টা পর্যন্ত সেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টা ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে কোটি টাকা হবে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় অবস্থিত জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলের মালিকানাধীন সায়হাম টেক্সটাইল মিলে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিজ দায়িত্ব পালন করছে।