• ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে বৃদ্ধকে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টার অভিযোগে ২জন গ্রেপ্তার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৮

 

বিয়ানীবাজার প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারের জলঢুপ এলাকার বৃদ্ধ বিনয়েন্দু ভূষণ চক্রবর্তীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ ডিসেম্বর) ভোরে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

বিয়ানীবাজার থানার পরিদর্শক তদন্ত জাহিদুল হক এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ২ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার জয় লাল নাথ (২৮) ও একই এলাকার জয়ন্ত লাল নাথ (৩০)।

প্রসঙ্গত, গত শুক্রবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকার বিনয়েন্দু ভূষণ চক্রবর্তী (৬০)কে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার চেষ্টা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা এখনো শংকামুক্ত নয়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, আদালতে জয় লাল নাথ ১৬৪ ধারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনার পুরো রহস্য উদঘাটন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।