
সিলেটের বিদায়ী জেলা শিক্ষা অফিসার গুলজার আহমদ খান বলেছেন, শিক্ষক ফোরাম নিঃস্বার্থভাবে শিক্ষকদের কল্যাণে কাজ করছে। শিক্ষক ফোরাম জাতীয় প্রেসক্লাবে প্রচন্ড শীতের মধ্যে ২০ দিন আমরণ অনশন কর্মসূচী পালন করে সরকারের পক্ষ থেকে ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতার আশ্বাস পেয়ে অনশন স্থগিত করেছিল। বিভিন্ন সময় শিক্ষামন্ত্রী সহ সরকারের শীর্ষপর্যায়ের ব্যক্তিবর্গের সাথে শিক্ষক ফোরামকে সাক্ষাত করতে দেখেছি। তাদের এ আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টা বৃথা যায়নি। আজ বাংলাদেশের বেসরকারি শিক্ষকরা সরকারি শিক্ষকদের ন্যায় ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা পেতে যাচ্ছে। আশা করি তারা সর্বদা শিক্ষকদের কল্যাণে কার্যক্রম অব্যাহত রাখবে।
তিনি সোমবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা শিক্ষা অফিসে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেট জেলা কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
নব নিযুক্ত সিলেটের জেলা শিক্ষা অফিসার নাজমা বেগমের সভাপতিত্বে ও ফোরামের সিলেট জেলা সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মুয়ীনুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফোরামের সিলেট জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জ্যোতিষ মজুমদার, কেন্দ্রীয় সহ সভাপতি সাজিদ মিয়া, কেন্দ্রীয় কার্যকরী সদস্য এম. এ. মতিন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, মহানগর সভাপতি বাহার উদ্দিন আকন্দ, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত প্রমুখ।
সভা শেষে তারা প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং নব নিযুক্ত জেলা শিক্ষা অফিসার মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন।