• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সারা দেশের ৮০টি সিনেমা হলে ‘দহন’

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৩০, ২০১৮

বি৭১নি ডেস্ক :রায়হান রাফি পরিচালিত ও সিয়াম-পূজা জুটি অভিনীত সিনেমা ‘দহন’ মুক্তি পাচ্ছে আজ। সারা দেশের ৮০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, ঢাকার বেশ কয়েকটি সিনেমা হলে মুক্তির প্রথম দিনের সব টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

মুক্তির আগেই নানা করণে এই সিনেমাটি চলে এসেছে আলোচনায়। মানুষের জীবন ক্ষমতা পরিবর্তনের হাতিয়ার হতে পারে না স্লোগান নিয়ে সময়ের সঙ্গে মিল রেখেই লেখা হয়েছে ‘দহন’ সিনেমার গল্প। রাষ্ট্রক্ষমতা আর রাজনীতির নানা কর্মকাণ্ড উঠে এসেছে এর গল্পে। ছবির গল্পে দেখা যাবে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে গাড়িতে, বাসে, ট্রাকে, ট্রেনে আগুন দেওয়া হয়। এই কাজে ঢাল হিসেবে ব্যবহার করা হয় পথশিশু, টোকাই থেকে শুরু করে নেশাগ্রস্তদের। আর তাদের অপকর্মের শিকার হয় সাধারণ মানুষ। এই বাস্তব কাহিনীই উঠে এসেছে ‘দহন’ সিনেমায়।

সিনেমায় আরও অভিনয় করেছেন, জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু, শিমুল খান প্রমুখ।

‘দহন’ চলচ্চিত্রের গান লিখেছেন শাহ আলম সরকার, গাজী মাজহারুল আনোয়ার, বুশরা শাহরিয়ার ও প্রিয় চট্টপাধ্যায়। সুর ও সংগীত করেছেন ইমন সাহা, আহমেদ হুমায়ুন ও আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন কনা, ইমরান, আহমেদ হুমায়ুন, বুশরা শাহরিয়ার ও আকাশ সেন।