• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৬ গ্রামবাসীর উপর মামলা

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৮

বি৭১নি ডেস্ক : সিলেটের বিশ্বনাথে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ৬ গ্রামবাসীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন আবুল বাশার তুহিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ী।
সে উপজেলার দুর্যাকাপন গ্রামের মৃত আলী হায়দারের পুত্র। তুহিন নিজের উপর হামলার অভিযোগ এনে গত ২০ নভেম্বর সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে একটি অভিযোগ দায়ের করেন।
এরপর আদালতের নির্দেশে তুহিনের অভিযোগটি আমলে নিয়ে গত ২৩ নভেম্বর মামলা হিসেবে রেকর্ড করে বিশ্বনাথ থানা পুলিশ। মামলা নং ১৭।
মামলায় অভিযুক্তরা হলেন- দুর্যাকাপন গ্রামের রুপাই মিয়া (৩০), চান্দ আলী (৪০), রশিদ মিয়া (৪২), দুলাল মিয়া (২৯), বশির মিয়া (৩২), আশিক আলী (৩৮)। অভিযুক্তদের দাবি তারা মাদক ব্যবসায়ী তুহিন’র বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের উপর ওই মামলাটি করা হয়েছে। মামলাটি নিয়ে গ্রামের লোকজনের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। একারণে এলাকায় এনিয়ে যে কোন সময় বড় ধরণের অঘটনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই।
এলাকাবাসী সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে গ্রামসহ আশপাশ এলাকায় বাদি আবুল বশর তুহিন, তার স্ত্রী ছমিরুন নেছা, তার ভাই ইমরান হোসেন হাওলাদার ও তার সৎ ছেলে মামুন মিয়া মদ, গাঁজা, ইয়াবা, হেরোইনসহ দেহ ব্যবসা করে আসছে। এতে তার ভাই ইমরান হোসেন ও সৎ ছেলে মামুন মিয়ার বিরুদ্ধে বিশ্বনাথ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। বিশ্বনাথ থানায় তুহিনের ভাই ইমরার হোসেনের বিরুদ্ধে ১১নং মাদক মামলার চার্জশীটও হয়েছে। আর ওই মামলায় স্বাক্ষী রয়েছেন তুহিনের মামলার ২নং আসামি চান্দ মিয়া। গত ৬ নভেম্বর সন্ধ্যায় তুহিনের বাড়িতে মাদক ক্রয় করতে যাওয়া মাদক সেবকদের আটকানোর চেষ্টা করেন গ্রামের কয়েকজন যুবক। এতে মাদক ব্যবসায়ী তুহিন গংরা যুবকদের বাঁধা দিলে মারামারির ঘটনা ঘটে। এসময় হামলায় আহত হয় তুহিন ও তার স্ত্রী। আর ঘটনায় মাদক ব্যবসায়ী তুহিন বাদি হয়ে ওই ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এব্যাপারে জানতে চাইলে তুহিনের মোবাইল ফোনে যোগযোগ করা হয়। কিন্তু তার স্ত্রী ছমিরুন নেছা ফোন রিসিভ করলে মাদক ব্যবসার বিষয়টি অস্বীকার করে বলেন, আসামিরা তারদের কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করে। আর চাঁদা না দেয়ায় তাদের উপর হামলা করা হয়।