• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আবারও পেছালো

bijoy71news
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আবারও পেছালো

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির বহুল আলোচিত হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও দাখিল করতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফলে টানা ১২২তম বারের মতো পিছিয়ে গেলো প্রতিবেদন জমা দেওয়ার সময়।

রোববার (৩০ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেওয়ার সূচি ছিল। তবে তদন্ত শেষ না হওয়ায় পিবিআই আদালতে প্রতিবেদন দিতে না পারায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আগামী ৫ জানুয়ারি পরবর্তী দিন ঠিক করেন বলে আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল নিশ্চিত করেছেন।

গত এক যুগের বেশি সময় ধরে ঝুলে থাকা এই মামলার তদন্ত দায়িত্ব ২০২৪ সালের ৪ নভেম্বর র‌্যাবের কাছ থেকে পিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। দায়িত্ব পাওয়ার পর সংস্থাটি নতুনভাবে তদন্ত শুরু করে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টিভির বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার পরদিন রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রকাশ পায়নি হত্যাকাণ্ডের রহস্য