• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সরকারি কর্মকর্তা বদলি নিয়ে বড় দুই দল থেকে টেলিফোন পান আইন উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫
সরকারি কর্মকর্তা বদলি নিয়ে বড় দুই দল থেকে টেলিফোন পান আইন উপদেষ্টা

‘আমার লোক, তোমার লোক’ কালচার থেকে বিএনপি ও জামায়াতের মতো বড় দলগুলোকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছোট দলগুলোও এই ব্যাধি থেকে মুক্ত নয় বলে মন্তব্য তার।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ‘প্রথম আলো’র কার্যালয়ে ‘বাংলাদেশ পুলিশের সংস্কার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন আসিফ নজরুল।

তিনি বলেন, ‘এনসিপি এবং ছোট দলগুলোকেও এই কালচার (আমার দল, তোমার দল) কালচজার থেকে বের হয়ে আসতে হবে। ছোট দলগুলো বা উদীয়মান দলগুলো এ ব্যাধি থেকে মুক্ত নয়।’

সাম্প্রতিক কালে দুই পুলিশ কর্মকর্তার বদলি নিয়ে বড় দুই দল থেকে টেলিফোনে কল পাওয়ার দাবি করে আইন উপদেষ্টা প্রশাসনে এমন প্রবণতা থেকে রাজনৈতিক দলগুলোকে বেরিয়ে আসার এই আহ্বান জানান।

আসিফ নজরুল বলেন, ‘আমার লোক, তোমার লোক—ডেফিনেটলি এটা আওয়ামী লীগ আমলে ভয়াবহ অবস্থায় গিয়েছে। বাংলাদেশে যত খারাপ কাজ, শয়তানি কাজ, সেটা প্রথম আওয়ামী লীগ আমলে শুরু হয়েছে, ৭৩ সালের আওয়ামী লীগের আমলে। সমস্ত খারাপ কাজ, গুম বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলেন, হেফাজতে নির্যাতন বলেন, হেফাজতে মৃত্যু বলেন, ভুয়া নির্বাচন বলেন, দলীয়করণ বলেন—সবকিছু শুরু করেছে আওয়ামী লীগ, বাকিরা কন্টিনিউ করেছে।’

‘আমার লোক, তোমার লোক’ সংস্কৃতি নাগরিক সমাজের মধ্যেও থাকার বিষয়টি তুলে ধরে তিনি উদাহরণ হিসেবে আওয়ামী লীগ আমলে সংগ্রামের সম্পাদক আবুল আসাদ আক্তান্ত হওয়ার পর কোনো প্রতিবাদ না হওয়ার কথা বলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী পুলিশকে একটি ‘নির্মম, অত্যাচারী, পাশবিক, দানবীয় বাহিনী’তে পরিণত করেছিলেন বলে মন্তব্য করেন তিনি।