• ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাকসুতে চলছে ভোটগ্রহণ

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫
চাকসুতে চলছে ভোটগ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনের ১৫টি ভোটকেন্দ্রে এই ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ক্যাম্পাসে নির্বাচনী আমেজ বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। প্রতিটি ভোটকক্ষে সর্বোচ্চ ৫০০ জন ভোটার ভোট দিতে পারবেন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ও ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় সকাল ১০টায় আইটি অনুষদের ভোটকেন্দ্র ভোট দেবেন।

প্রতিটি হলে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি, প্রক্টরিয়াল টিম দায়িত্ব পালন করছে।