• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ছয় দফা দাবিতে সড়ক অবরোধ চাকরিচ্যুত ইসলামী ব্যাংক কর্মকর্তাদের

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫
ছয় দফা দাবিতে সড়ক অবরোধ চাকরিচ্যুত  ইসলামী ব্যাংক কর্মকর্তাদের

চাকরিতে পুনর্বহালসহ ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ইসলামী ব্যাংকের শত শত কর্মকর্তা কর্মসূচিতে অংশ নেন। পৌনে ১২টার দিকে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা ফৌজদারহাটে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

আন্দোলনরত ব্যাংক কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আমাদের প্রায় ৪০০ জন কর্মকর্তাকে সম্পূর্ণ অন্যায় ও অমানবিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় অবস্থায় রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের আর ধৈর্য ধারণের সুযোগ নেই।

তিনি বলেন, চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল, ওএসডি প্রত্যাহারসহ মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করছি। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের এই দুঃসহ পরিস্থিতি ও ন্যায্য দাবির কথা দেশের মানুষ ও সরকারের কাছে পৌঁছে দিতেই এ আন্দোলন।