• ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাক্ষ্য দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৩

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৫
সাক্ষ্য দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৩

সাক্ষ্য দিয়ে ফেরার পথে নড়াইল-যশোর মহাসড়কে দুর্ঘটনায় নিক্কন আঢ্য (৩৫) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এতে দুর্ঘটনাকবলিত বাসটির আরও দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহতের খবর পাওয়া গেছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে মহাসড়কটির যশোরের ভাঙুড়া বাজার এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ও যশোরের বাঘারপাড়া পুকুরিয়া গ্রামের নিশিকান্ত আঢ্যের ছেলে নিক্কন আঢ্য, যশোর সদরের বসুন্দিয়া এলাকার আহমদ আলীর ছেলে আক্তার হোসেন এবং যশোর শহরতলির ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে আবু জাফর, তিনি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক ছিলেন।

তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, নড়াইল যশোর মহাসড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাড়িয়েছিল। ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বাসযাত্রী আক্তার হোসেনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পান। আশঙ্কাজনক অবস্থায় যশোরের আরেক যাত্রী আবু জাফর ও পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান উদ্ধারকারীরা। হাসপাতালে নেওয়ার পর আবু জাফরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে পথেই নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। রোববার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক পুলিশ কর্মকর্তা নিক্কনকেও মৃত ঘোষণা করেন।