• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

সাবেক সিইসি আউয়ালও গ্রেফতার

bijoy71news
প্রকাশিত জুন ২৩, ২০২৫
সাবেক সিইসি আউয়ালও গ্রেফতার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেপ্তারের পর এবার গ্রেপ্তার হলেন আরেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। রোববার রাতে তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সদর দপ্তরের একটি সূত্র তার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রটি জানায় রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।

আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২০২৪ সালে নির্বাচন করে ‘আমি-ডামি ভোট’ উপাধি পায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। ওই কমিশনের বেশির ভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল।
ওই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ ভাগ ভোট পড়ে বলে জানানো হলেও এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার ৪০ শতাংশ বলে উল্লেখ করা হয়। অবশ্য ভোটের হার ঘোষণার সময় সিইসি কাজী হাবিবুল আউয়াল প্রথমে ২৮ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে ৪০ শতাংশের কথা বলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনার পতনের পর হাবিবুল আউয়াল লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছিলেন।
এর আগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকেও গ্রেপ্তার করে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।