• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ঢাবির বঙ্গবন্ধু হলের গেটে ককটেল বিস্ফোরণ!

bijoy71news
প্রকাশিত জুন ১৬, ২০২৫
ঢাবির বঙ্গবন্ধু হলের গেটে ককটেল বিস্ফোরণ!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটে পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের প্রাঙ্গণে কাঠবাদাম গাছের নিচ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ জুন) ভোরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “বঙ্গবন্ধু হলের পকেট গেটে ককটেল বিস্ফোরণের খবর আমরা জানতে পেরেছি। সেখানে এ সময় একটি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। ফলে তারা এটি বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের প্রাঙ্গণে কাঠবাদাম গাছের নিচে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী অবিস্ফোরিত ককটেলগুলো দেখতে পেয়ে প্রোক্টরিয়াল টিমকে বিষয়টি অবহিত করেন। পরে শাহবাগ থানা পুলিশকেও জানানো হয়। সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে অবিস্ফোরিত ককটেলগুলো নিরাপদভাবে উদ্ধার করে নিয়ে যায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এনামুল হক সজিব বলেন, “আমাকে সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ঘটনাটি জানানো হয়। আমরা গিয়ে দেখি, দুটি ওয়ানটাইম বক্সে মোট ৬টি ককটেল রাখা হয়েছে। একটিতে ৪টি ও অন্যটিতে ২টি। পরে আমরা শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানাই। বোম ডিসপোজাল ইউনিট এসে নিশ্চিত করেছে, এগুলো ককটেল। ওনাদের ইনভেস্টিগেট করে একটা আপডেট দিতে বলা হয়েছে।”

এনামুল হক সজিব আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের মেডিকেল গেটটি জরুরি প্রয়োজনে সবসময় খোলা থাকে। কিন্তু এখানে কোনো সিসিটিভি নেই, ফলে ঠিক কে বা কারা রাতে ককটেলগুলো রেখে গেছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সোমবার থেকেই এই গেটে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।