• ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

ব্যবসায়ীদের ভুলের কারণে চামড়া পচে গেছে: বাণিজ্য উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত জুন ১০, ২০২৫
ব্যবসায়ীদের ভুলের কারণে চামড়া পচে গেছে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এ বছর মৌসুমি ব্যবসায়ীদের ভুলের কারণে কিছু চামড়া পচে গেছে। এই চামড়ার যে দাম পাওয়া যাচ্ছে, এটাই অনেক কিছু।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে নাটোরের চকবৈদ্যনাথ চামড়ার আড়ত পরিদর্শনে এসে স্থানীয় আড়তদারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার এ বছর সক্ষমতা তৈরি করেছে, লবণ দিয়েছে, তথ্যচিত্র তৈরি করেছে, পোস্টার বিলি করেছে, ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে মসজিদে মসজিদে চামড়া নিয়ে বয়ান দেয়া হয়েছে। সরকার চাহিদা তৈরি করার ক্ষেত্রে রপ্তানির উপরে কাঁচা চামড়াসহ ওয়েট ব্লু চামড়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এ সময়, সরবরাহ পর্যায়ে ঘাটতি আছে উল্লেখ করে বলেন, ঘাটতি হলেই যেকোনো পণ্যের মূল্য বাড়ে।

শেখ বশিরউদ্দীন আরও বলেন, ছাগলের চামড়ার ক্ষেত্রে সরকারি মূল্য মানা হচ্ছে না। বিষয়টা আমরা লক্ষ করেছি। সে অনুযায়ী সঠিক পদক্ষেপ নেয়া হবে। এ বছরের শিক্ষা নিয়ে সামনের বছর থেকে যাতে সব নিয়মের মধ্যে কেনাবেচা হয় সে চেষ্টা করা হবে । তবে গরুর চামড়ার ক্ষেত্রে এই ব্যত্যয়টা হচ্ছে না বলে জানান তিনি।

অপরদিকে, চামড়ার সরবরাহ ব্যবস্থা নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, যেহেতু একদিনে প্রচুর চামড়া কোরবানি করা হয়, তাই একসাথে প্রচুর চামড়া বাজারে চলে আসে। এই সরবরাহটাকে সরকার ডিলে করার চেষ্টা করছে। লবণ দিয়ে সংরক্ষণ উপযোগী করে দেরি করার চেষ্টা করছে। এর ফলস্বরূপ, গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে চামড়া ট্রানজেকশন হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আবুল হায়াত, পুলিশ সুপার আমজাদ হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথীসহ চামড়া সমিতি গ্রুপের নেতৃবৃন্দ ও সদস্যরা।