• ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

৩৬টি জেলা ও উপজেলায় এলজিইডি অফিসে দুদকের অভিযান

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫
৩৬টি জেলা ও উপজেলায় এলজিইডি অফিসে দুদকের অভিযান

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তি (এলজিইডি)-র বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) একযোগে অভিযান চালাচ্ছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযান চালানো হচ্ছে রাজধানীসহ দেশের ৩৬টি জেলা ও উপজেলা পর্যায়ের এলজিইডি কার্যালয়ে।

দুদকের প্রধান গণসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, “বিধি লঙ্ঘন করে অগ্রিম বিল উত্তোলন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও গুণগতমান বজায় না রাখা—এ ধরনের একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হচ্ছে।”

দুদকের তথ্যমতে, যেসব কার্যালয়ে অভিযান চলছে সেগুলোর মধ্যে রয়েছে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এলজিইডি প্রধান কার্যালয় ছাড়াও বাগেরহাট, বরিশাল, বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, রাজবাড়ী, গাজীপুর, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, মাগুরা, খুলনা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, কুষ্টিয়া, শরীয়তপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, নওগাঁ, সিরাজগঞ্জ, পটুয়াখালী, পিরোজপুর, রাজশাহী, গাইবান্ধা, সুনামগঞ্জ, টাঙ্গাইল, পঞ্চগড়, জামালপুর ও রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলা কার্যালয়।

দুদক জানিয়েছে, অভিযানে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।