• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর সহযোগী অস্ত্রসহ আটক

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫
দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর সহযোগী অস্ত্রসহ আটক

সুন্দরবনের শিবসা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর এক সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক হওয়া ব্যক্তির নাম মো. বিল্লাল হোসেন (৩৩)। তিনি খুলনার কয়রা থানার বাসিন্দা।

সোমবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের পাঠানো তথ্য বিবরণীতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিসসংলগ্ন মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাতদল আনারুল বাহিনীর কয়েকজন সদস্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রোববার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্যান্য সদস্যরা বনের ভেতরে পালিয়ে যায়। পরে সাঁড়াশি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছিলেন।

আটক বিল্লালের বিরুদ্ধে উদ্ধার করা অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, সুন্দরবনসহ উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম চালু রয়েছে। এতে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।