• ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

নাম পরিবর্তনসহ পুনর্গঠন হচ্ছে র‍্যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৫
নাম পরিবর্তনসহ পুনর্গঠন হচ্ছে র‍্যাব: স্বরাষ্ট্র উপদেষ্টা

নাম পরিবর্তনসহ পুনর্গঠন হচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিশোধ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র‍্যাবের নাম পরিবর্তনসহ বাহিনীটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় নাম চূড়ান্ত হতে পারে। কী নাম হতে পারে, সে বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।’

২০০৪ সালে পুলিশের বিশেষায়িত বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গড়ে তোলা হয়েছিল শীর্ষ সন্ত্রাসী, দাগি ও দুর্ধর্ষ জঙ্গি দমনের এলিট ফোর্স হিসেবে।

পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের সাত খুন, গুমঘরে বছরের পর বছর আটকে রাখা এবং বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনমূলক কর্মকাণ্ডে এই সংস্থার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে আওয়ামী লীগ সরকারের আমলে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের ভাষ্যমতে, গুমের যে ৪০০টি ঘটনা বিশ্লেষণ করা হয়েছে, সেখানে ১৭২টি ঘটনায় র‍্যাবের সম্পৃক্ততা পাওয়া গেছে।