• ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

আটক ৩৯০ আনসার সদস্য কারাগারে

bijoy71news
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
আটক ৩৯০ আনসার সদস্য কারাগারে

আটক ৩৯০ আনসার সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এদিন, রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় দায়ের করা পৃথক চারটি মামলায় আনসার সদস্যদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকার আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

জানা যায়, শাহবাগ থানায় দায়ের করা মামলায় ১৯১ আনসার সদস্য, রমনা থানার মামলায় ৯৮, পল্টন থানার মামলায় ৯৫ ও বিমানবন্দর থানার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার অভিযোগে গ্রেপ্তার আনসার সদস্যদের বিরুদ্ধে বলা হয়েছে, ৮ থেকে ১০ হাজার আনসার সদস্য অনুমতি না নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন।

একইসঙ্গে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা অমান্য করে কর্মসূচি প্রত্যাহার না করে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা–কর্মচারীদের অবরুদ্ধ করেন। সচিবালয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন। একইসঙ্গে আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

নিজেদের চাকরি জাতীয়করণসহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা কয়েকদিন ধরে ঢাকায় বিক্ষোভ করছিলেন। গতকাল রবিবার তারা সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান। ঘেরাও করে রাখায় সচিবালয় থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারছিলেন না। 

অপরদিকে, সচিবালয়ে আনসার সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন, রাতে এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।