• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে সাবেক বিচারপ‌তি মা‌নিক

bijoy71news
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪
অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে সাবেক বিচারপ‌তি মা‌নিক

আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিশেষ অঙ্গ আঘাতপ্রাপ্ত হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যায় কর্তৃপক্ষ। 

পরে তাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হয়। সেখানে তার অস্ত্রোপচার চলছে বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে। 

এরআ‌গে শনিবার (২৪ আগস্ট) বিকার ৪টা ১০ মিনিটে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর আলমগীর হোসেনের আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সিলেট জেলা পুলিশের কোর্ট ইনসপেক্টর জামসেদ আলম বলেন, এইচ এম শামসুদ্দিন মানিককে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে কোর্টের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামশেদ আলম বলেন, আদালতে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসামি সাবেক বিচারপতি হওয়ায় আদালত জেলকোড অনুসারে সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

এ ছাড়াও আসামি আদালতকে জানিয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। আদালত এই বিষয়টি আমলে নিয়ে জেলকোড অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক বিচারপতি মানিককে আদালতে হাজির করার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) সগির মিয়া জানান, কারাগারে প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষাকালে আঘাত চিহ্নিত হয় এবং রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করলে চিকিৎসকরা তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। 

উ‌ল্লেখ‌্য, শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। বিজিবির হাতে আটকের আগেও তিনি মারধরের শিকার হন বলে জানা যায়।