• ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

রাশেদ খান মেনন আটক

bijoy71news
প্রকাশিত আগস্ট ২২, ২০২৪
রাশেদ খান মেনন আটক

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে তাকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয়। 

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গুলশান থেকে তা‌কে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে তিনি প্রথমে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি দায়ের করা কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীর রতন গণমাধ্যমকে বলেন, রাশেদ খান মেননকে তার বনানীর বাসা থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে ডিবি পরিচয়ে সাদা পোশাকের লোকজন আটক করে নিয়ে গেছে।