সিলেট সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরশনের দাবিতে একসাথে সভা করেছেন বিএনপি ও আওয়ামী লীগের তরুণ নেতাকর্মীরা।
বুধবার (১২ জুন) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক এ সভাটি অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ড স্কেপ’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করেন ডিআই ফেলোশিপ ২৪তম ব্যাচের দু’জন ফেলো, সিলেট জেলা বিএনপির সাবেক সহকারী দপ্তর সম্পাদক আব্দুল মালেক ও সিলেট মহানগর ৩নং মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিয়া আহমদ সনি। এ সময় তারা জলাবদ্ধতা নিরসন নিয়ে তাদের গৃহিত উদ্যোগ সম্বন্ধে বিস্তারিত তুলে ধরেন।
তারা জানান, নগরীর মুন্সিপাড়া নগরীর একটি আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থান। এই এলাকার ৩০ থেকে ৩৭নং বাসার পাশে অবস্থিত ড্রেনটি এলাকার ড্রেনেজ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। ড্রেনটিতে খনন কাজ ও গভীরতার অভাবে, অল্পবৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়। যার ফলে স্থানীয় জনসাধারণকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই উক্ত সমস্যাটির সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি হয়ে পড়েছে। এরআগে ডিআইএর ২৪তম ব্যাচের তরুণ রাজনৈতিক ফেলোবৃন্দ জলাবদ্ধতা নিরসনে মুন্সিপাড়া এলাকার জনগণকে সচেতনতার পাশাপাশি গণস্বাক্ষর গ্রহণ কার্যক্রম পরিচালনা করে। সেই সাথে গত ৩০ মে ওয়ার্ড কাউন্সিলরের কাছে মুন্সিপাড়া এলাকায় জলাবদ্ধতা দূরীকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় তারা ওই এলাকার জলাবদ্ধতা দূরীকরণে ও জনসচেতনতা বৃদ্ধির দাবিতে সংশ্লিষ্ট কাউন্সিলরের পাশাপাশি সমাজের অন্যান্য নাগরিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
সভায় সিলেট মহানগরের বিভিন্নস্তরের সাংবাদিক, রাজনীতিবিদ এবং অন্যান্য পেশাজীবীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিলেট জেলা মহিলা লীগের সভাপতি এবং সিলেট ১,২ এবং ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট সালমা সুলতানা, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আহমদ মুকুলসহ প্রমুখ।